নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনে ৩০০ আসনে শাপলা কলি প্রতীকে এনসিপি প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধনের জন্য এনসিপি মনোনীত হওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি শাপলা কলি মার্কায়, ইনশাআল্লাহ আমরা ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার, আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে গড়তে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
এ মাসের মধ্যে এনসিপি প্রার্থী তালিকা চূড়ান্ত করবে জানিয়ে তিনি বলেন, শাপলা কলি মার্কায় বাংলাদেশের প্রতিটি আসনে আমরা যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সাড়া, সমর্থন পেয়ে এসেছি অল্প সময়ের মধ্যেও; আগামী নির্বাচনেও সেই প্রতিফলন পাব বলে আমরা প্রত্যাশা করি।
সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দেশের মানুষের দোয়া ও ভালোবাসায় খুব শিগগির এনসিপির বিজয় আসবে বলে আশা প্রকাশ করেন নাহিদ।
নিবন্ধন পাওয়ায় এনসিপির সারাদেশের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীসহ সবাইকে অভিনন্দন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল, এবং সকলের প্রিয় শাপলা কলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি।
নির্বাচন কমিশনের সঙ্গে ঠাণ্ডা লড়াইয়ের কথা জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের যে প্রত্যাশিত মার্কা ছিল শাপলা সেটি দিতে গড়িমসি করে এবং তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এই এক ধরনের ঠাণ্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়। সর্বশেষ আমরা মাস দেড়েক আগে জানতে পারি আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কিন্তু মার্কার জন্য এটি আটকে ছিল। অবশেষে আমরা শাপলা কলি মার্কায় এই নিবন্ধনটি পেয়েছি।


