প্রকৌশলীদের আন্দোলন: কমিটির সভায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন

নিজস্ব প্রতিবেদক

বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলো নিয়ে কাজ করতে গৃহায়ন ও গণপূর্ত সচিবের নেতৃত্বে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে দিয়েছে এ সংক্রান্ত গঠিত কমিটি।

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমাধারীদের পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষা করে সুপারিশ দিতে গঠিত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভায় সভাপতিত্ব করেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সচিবালয়ে ১ নম্বর নতুন ভবনে সভা শেষে কমিটির সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, কমিটি কেমন করে কাজ করবে আজ আমরা সেটা ঠিক করেছি। যে সমস্যাগুলো এসেছে সেগুলো আসলে আজকের সমস্যা নয়, এগুলো বহুদিন আগের সমস্যা। তাই এগুলো সমাধান করতে হলে সবার সঙ্গে আমাদের পরামর্শ করতে হবে। সেজন্য আমরা একটি ওয়ার্কিং গ্রুপ করেছি। সেই ওয়ার্কিং গ্রুপে মোট ১৪ জন প্রতিনিধি থাকবেন। যে সংস্থাগুলোতে ইঞ্জিনিয়ার রিক্রুট করা হয়, সেই সংস্থা প্রধানরা এ কমিটিতে থাকবেন। একই সঙ্গে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের থেকেও চারজন প্রতিনিধি থাকবেন। মোট ১৪ জনের সমন্বয়ে এটা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকবে সেখানে।

তিনি বলেন, এ কমিটি ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের বক্তব্যগুলো আগে শুনবেন। পরবর্তী কার্যদিবসে তাদের বক্তব্যগুলো শুনবেন। বিএসসি বলি আর ডিপ্লোমা বলি ইঞ্জিনিয়ার সেক্টরে যারা প্রতিধানযোগ্য আছেন, যারা বিষয়গুলো সম্পর্কে ভালো ওয়াকিবহাল আছেন, তাদের বক্তব্য এই কমিটি শুনবে।

সৈয়দা রিজওয়ানা আরও বলেন, অনেক আইনগত বিষয় আছে, সেগুলোর অনেক কাগজপত্র দিয়ে যাওয়া হয়েছে। সেই সবগুলো দেখে তারা আমাদের আবার ব্রিফ করবেন। সেই মোতাবেক আমরা এগোবো।

তিন দফা দাবিতে গত দুদিন ধরে শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়েরও চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে শাটডাউন কর্মসূচি পালন করা হচ্ছে।

পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, সবার কাছে আমাদের একটি অনুরোধ থাকবে- যেহেতু এগুলো অনেক পুরোনো বিষয়, তাই আন্দোলন যারা করছেন তারা যাতে জনদুর্ভোগ সৃষ্টি না করেন। তাদের যা বক্তব্য আছে সেগুলো লিখিত আকারে… এখন যেহেতু ওয়ার্কিং গ্রুপ হয়েছে এ ওয়ার্কিং গ্রুপের প্রধান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আমরা তার ফোন নম্বর প্রেস রিলিজের মাধ্যমে জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে ওনাকে জানিয়ে দেবেন। যারা বিভিন্ন বিষয়ে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটি প্রতিনিধিদল সবসময় আমাদের সঙ্গে বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সঙ্গেও বসতে পারেন। জনদুর্ভোগের সৃষ্টি যাতে না করেন, এত দিনের সমস্যা এটা রাতারাতি সমাধানের বিষয় নয়।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪
পরবর্তী নিবন্ধরোডম্যাপ ঘোষণা: তফসিল ডিসেম্বরে, ফেব্রুয়ারিতে নির্বাচন