নিজস্ব প্রতিনিধি, ছাতক ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ হাজার টাকা। গত রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ এর নেতৃত্বে এসআই মোঃ আখতারুজ্জামান, এসআই সৈয়দ গোলাম সারোয়ার, এসআই মোঃ মঞ্জুরুল ইসলাম, এএসআই মাসুদ মিয়া, এএসআই আরিফুজ্জামান ও এএসআই মহি উদ্দিনসহ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সিংগুয়া বটেরখাল নদীর পূর্বপাড়ে মেসার্স ইকবাল স-মিলের সামনে থেকে কেনু মিয়া ওরফে বকুল (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের দিঘলী রামপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে। এ ঘটনায় এসআই আখতারুজ্জামান বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ২৪(খ)/৪০ ধারায় ছাতক থানায় মামলা (নং-২২, তাং-২৪/০৮/২০২৫ ইং) দায়ের করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


