চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে ভবনের গেটে গুলি

নিজস্ব প্রতিবেদক

এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে। না হলে পরিবারের সদস্যদের হত্যা করা হবে। এমন হুমকি পাওয়ার পরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগে এক প্রবাসী ব্যবসায়ীর পরিবারের ভবনের গেট লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে হামজারবাগের রুনা টাওয়ার নামে ১১ তলা ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।ভবনটির মালিক মোহাম্মদ ইউসুফের দুই ছেলে প্রবাসে ব্যবসা করেন।

ইউসুফের ছেলে শওকতের হোয়াটসঅ্যাপ নম্বরে সোমবার দুপুর ১২টার দিকে একটি বিদেশি নম্বর থেকে ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে পরিবারের সদস্যরা কোথায় কী করেন, তাদের জীবনবৃত্তান্ত ও কোথায় কোথায় বাড়ি রয়েছে, এসব তথ্য জানতে চাওয়া হয়।

একই সঙ্গে এক ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা দিতে বলা হয়। টাকা না দিলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয় বলে জানান ইউসুফ।ভবনের নিরাপত্তাকর্মী মো. আলমগীর জানান, গুলি ছোড়ার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। প্যান্ট-শার্ট পরা দুই যুবক এসে তাকে গেটের ভেতরে রেখে গেট বন্ধ করতে বলেন। এরপর তাঁরা গেট লক্ষ্য করে পরপর দুটি গুলি ছুড়ে হেঁটে চলে যান।

পূর্ববর্তী নিবন্ধজনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী