৭ দফা কমার পর বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

টানা সাত দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৫৭ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তার আগে টানা সাত দফা সোনার দাম কমানো হয়। সাত দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমানো হয় ৩৫ হাজার ৫৭৫ টাকা। এমন পতনের পর সোনার দাম এখন কিছুটা বাড়লো।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২ হাজার ১৫৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৭ হাজার ১২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিক্ষোভের ডাক
পরবর্তী নিবন্ধইরানে আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তুতে হামলা বাকি: ট্রাম্প