১০ মাসে বাণিজ্য ঘাটতি ২২.২১ বিলিয়ন ডলার

নিউজ ডেস্ক

বিশ্ববাজারে জ্বালানি ও বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আরও বিস্তৃত হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ২২ দশমিক ২১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই ঘাটতি বেড়েছে ৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্য ঘাটতি বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো আমদানি নির্ভরতা বৃদ্ধি। উৎপাদন ও বিনিয়োগ সম্প্রসারণের সঙ্গে জ্বালানি, কাঁচামাল এবং মূলধনি যন্ত্রপাতির আমদানিও বেড়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমূল্য, বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং রপ্তানি প্রবৃদ্ধির সীমাবদ্ধতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এরফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, টাকার মান ও মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি হতে পারে। তারা ঘাটতি কমাতে রপ্তানি বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, জ্বালানি আমদানি নির্ভরতা হ্রাস এবং উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

তাদের মতে, বাণিজ্য ঘাটতির এ প্রবণতা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, টাকার বিনিময় হার এবং মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, জ্বালানি আমদানি নির্ভরতা কমানো এবং দেশীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধির এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) বাণিজ্য ঘাটতি ছিল ১৯ দশমিক ১৭ বিলিয়ন ডলার। তবে এপ্রিল শেষে তা বেড়ে ২২ দশমিক ২১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৩ দশমিক শূন্য ৪ বিলিয়ন ডলার।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে দেশের পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৩৬ দশমিক শূন্য ১ বিলিয়ন ডলার। বিপরীতে আমদানি ব্যয় হয়েছে ৫৮ দশমিক ২২ বিলিয়ন ডলার। ফলে রপ্তানি আয়ের তুলনায় আমদানি ব্যয় ২২ দশমিক ২১ বিলিয়ন ডলার বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি ২২ দশমিক ২১ বিলিয়ন ডলার বেশি হয়েছে।

চলতি হিসাবের ঘাটতি বেড়েছে
বাণিজ্য ঘাটতির পাশাপাশি চলতি হিসাব (কারেন্ট অ্যাকাউন্ট) ঘাটতিও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে চলতি হিসাবের ঘাটতি ছিল ৫৮ কোটি ৬ লাখ ডলার। এপ্রিল শেষে তা বেড়ে ১০৭ কোটি ৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। এক মাসে কারেন্ট অ্যাকাউন্ট ঘাটতি বেড়েছে প্রায় ৪৮ কোটি ৭ লাখ ডলার।

কারেন্ট অ্যাকাউন্টে পণ্য ও সেবার বাণিজ্য, প্রবাসী আয়, বিনিয়োগ আয় এবং অন্যান্য চলতি স্থানান্তর অন্তর্ভুক্ত থাকে। এ হিসাবের ঘাটতি বাড়া বৈদেশিক লেনদেনের ওপর চাপ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

বেড়েছে আর্থিক হিসাবে উদ্বৃত্তও
অন্যদিকে, আর্থিক হিসাব (ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট) ইতিবাচক অবস্থানে রয়েছে। জুলাই-মার্চ সময়ে এ হিসাবে উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলার। এপ্রিল শেষে তা বেড়ে ৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে
পরবর্তী নিবন্ধপাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা