হেক্সা-মিশন নিয়ে যুক্তরাষ্ট্রে পা রাখলো নেইমারের ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে হেক্সা-জয়ের স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন প্রধান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে ব্রাজিল দল নিউ জার্সিতে পৌঁছেছে।

অভিজ্ঞতা, প্রতিভা এবং আত্মবিশ্বাসের সমন্বয়ে গড়া এই দলকে ঘিরে সমর্থকদের প্রত্যাশাও অনেক। যদিও ব্রাজিলকে টুর্নামেন্টের একক ফেবারিট হিসেবে দেখা হচ্ছে না, তবুও শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দলটি।

যুক্তরাষ্ট্রে পৌঁছে আনচেলত্তি জানান, বিশ্বকাপে বেশ কয়েকটি দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। তবে ব্রাজিল ইতিবাচক মনোভাব নিয়েই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।

দলের সঙ্গে যোগ দিয়েছেন মার্কুইনহস, গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্টিনেলি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অংশ নেওয়ার পর তারা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ায় এখন আনচেলত্তির হাতে পূর্ণ ২৬ সদস্যের স্কোয়াড রয়েছে।

বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে ব্রাজিল অনুশীলন করবে কলম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টারে, যা সাধারণত নিউইয়র্ক রেড বুলস ব্যবহার করে থাকে। এছাড়া দলটি মিশরের বিপক্ষে একটি শেষ প্রস্তুতি ম্যাচও খেলবে।

আগামী ১৩ জুন গ্রুপ ‘সি’-তে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।

ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে অসাধারণ সাফল্যের পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এটি হবে আনচেলত্তির প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তার সামনে এখন একটাই লক্ষ্য-ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনা এবং বহু প্রতীক্ষিত ‘হেক্সা’ বা ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করা।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাও
পরবর্তী নিবন্ধহজে গিয়ে সৌদি আরবে ৪৪ বাংলাদেশির মৃত্যু