১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকারের ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এসময়ে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবসময় বলবো, আমরা দেশকে একটি জটিল পরিস্থিতি থেকে বের করে ফেলেছি। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী জায়গায় পৌঁছাতে আরও সময় লাগবে।

আমরা মাত্র ছয় মাসের মধ্যে অনেক সংস্কারকাজ করেছি। যেমন আইনশৃঙ্খলা ও বিচার বিভাগে সংস্কারের কাজ এবং বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন।

তিনি বলেন, আমরা মনে করি ১৮০ দিনের মধ্যে সরকারের বাস্তবায়ন এবং যেসব উদ্যোগ ও কর্মসূচি শুরু হয়েছে, সেগুলোর প্রশংসা হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা প্রতিটি সংকটের মুহূর্ত সফলতার সঙ্গে মোকাবিলা করেছি।

জ্বালানি সংকট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সম্প্রতি অস্থিরতার কারণে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে সারা বিশ্বে সংকট সৃষ্টি হয়েছিল।

বাংলাদেশও তার বাইরে ছিল না। কিন্তু রমজান শুরু হওয়া পর্যন্ত আমরা কোনো জ্বালানি তেল বা গ্যাসের সংকট তৈরি হতে দিইনি। রমজানের সময় এবং রমজান শেষ হওয়ার পরও আমরা নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করেছি।

তিনি বলেন, রমজানে কৃষকদের কথা চিন্তা করে বিদ্যুৎ ও সেচের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। ওই সময়ে জ্বালানির দামও বাড়ানো হয়নি।

যদিও বাংলাদেশসহ পার্শ্ববর্তী দেশগুলোতে এবং বিশ্ববাজারেও জ্বালানির দাম অনেক বেড়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ যুবরাজ মোহাম্মদ বিন সালমানের
পরবর্তী নিবন্ধমন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ বাড়তে পারে