নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন সবশেষ খবর পাওয়া পর্যন্ত সারাদেশে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা ঘটেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয়জনকে।
রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশনের (ইসি) কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আটকদের মধ্যে বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের এক নারী চেয়ারম্যানকে আটক করা হয়েছে।
ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এছাড়া ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল নয়টার দিকে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে। এছাড়া, বরিশাল-৫ আসনে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বেলা ১১টার বটতলা নব আদর্শ স্কুলে এ ঘটনা ঘটে।


