ওমর ফারুক,সাভার প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জের ধরে সাভারে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন বিভিন্ন মিডিয়া কর্মরত সাংবাদিক ও এলাকাবাসীরা।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, সাভারের আশুলিয়ায় বাড়িতে ঢুকে হামলা মারধর ও লুটপাটের ঘটনায় এক ইউপি সদস্য গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়েকজন সাংবাদিককে উদ্দেশ্য করে ভয়ংকর অপপ্রচারে লিপ্ত হওয়ার পাশাপাশি বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে ওই সন্ত্রাসী ইউপি সদস্যের অনুসারীরা। তারা সাংবাদিকদের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। যা তথ্যপ্রযুক্তি আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ভয়ংকর অপরাধের শামিল। তাই এ ধরনের কর্মকান্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মানববন্ধন থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, দেশে কথায় কথায় সাংবাদিক নির্যাতন রুটিনে পরিণত হয়ে গেছে। সাংবাদিকরা সংবাদ প্রকাশ করলেই দলীয় নেতাকর্মী, দূর্ণীতিবাজ, অপরাধী,দূর্বৃত্তদের গা জ্বলে। সাংবাদিকদের দমাতে নির্যাতন , হামলা, মিথ্যা মামলা, হয়রানী, লাঞ্ছনাসহ অপ-প্রচারের মত কৌশল বেছে নেয় সন্ত্রাসীরা। সংবাদের জেরে এরা সাংবাদিককে হত্যা করতেও দ্বিধা করেনা। দেশে সাংবাদিক সুরক্ষায় কোন আইন নেই। রাষ্ট্রকে অবিলম্বে গণমাধ্যমের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারনে গ্রেপ্তারকৃত ইউপি সদস্য শফিউল আলম সোহাগের সন্ত্রাসী কার্যকলাপের বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হওয়ায় তার অনুসারাীরা এখন সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছে। এঘটনার সন্ত্রাসীদের হুমকি-ধামকির বিষয়টি সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে বড় অন্তরায়। মানববন্ধন থেকে এসব অপপ্রচারের উস্কানি দাতা সামিউল আলম শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন সাংবাদিকরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান আবু আহমেদ জাফর, সাংবাদিক নাজমুল হুদা, তোফায়েল হোসেন তোসানি, সাদ্দাম হোসেন, ওমর ফারুক, মেহেদী হাসান মানিক জিয়া উদ্দিন জাহিদ, আরজু মীর, দেওয়ান মো. ইমন, জাহিন সিংহ ও সোহেল রানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৯ আগস্ট মঙ্গলবার রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকায় শতাধিক লোক নিয়ে একটি বাড়িতে হামলা চালান পাথালিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগ। এ ঘটনায় হামলা ভাঙচুর, লুটপাট ও নারীদের শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগীর দায়ের করা মামলায় ইউপি সদস্য সোহাগসহ ৮ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। এই সংবাদ প্রকাশের পর থেকে সাংবাদিকদের উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার শুরু করেন গ্রেপ্তারকৃত ইউপি সদস্যের ছোট ভাই সামিউল আলম শামীম ও তাদের অনুসারীরা।


