সব সূচকে অগ্রগতি রূপালী ব্যাংকের, সেপ্টেম্বরে আসছে ক্রেডিট কার্ড

মাসুদ মিয়া

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে ব্যবসা সম্প্রসারণ, আমানত বৃদ্ধি, খেলাপি ঋণ আদায় ও ডিজিটাল ব্যাংকিং সেবায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে রূপালী ব্যাংক পিএলসি। ব্যাংকটির কর্মকর্তারা বলছেন, দক্ষ ব্যবস্থাপনা, প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং সুশাসনভিত্তিক কার্যক্রমের ফলে ২০২৫ সালে বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তন এসেছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২৫ সালে রূপালী ব্যাংকের মোট আমানত বেড়েছে ৩ হাজার ৪৭১ কোটি টাকা। ফলে ব্যাংকটির মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭২ হাজার কোটি টাকায়। একই সময়ে নতুন করে ৮ লাখ ৪৯ হাজারের বেশি হিসাব খোলা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় আড়াই লাখ বেশি।

ডিজিটাল ব্যাংকিং সেবায়ও নতুন উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সেবা ‘রূপালী ক্যাশ’ চালু করা হয়েছে। পাশাপাশি আগামী সেপ্টেম্বরে ক্রেডিট কার্ড সেবা চালুর প্রস্তুতি চলছে। এটি চালু হলে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে প্রথমবারের মতো কোনো ব্যাংক নিজস্ব ক্রেডিট কার্ড সেবা দেবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে ‘রূপালী ই-সেবা’ অ্যাপসহ বিভিন্ন অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্ম আধুনিকায়নের কাজ চলছে। ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, ডিজিটাল রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার ফলেই সাম্প্রতিক অগ্রগতি সম্ভব হয়েছে।

খেলাপি ঋণ আদায়ে ২০২৫ সালে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে রূপালী ব্যাংক। নগদ আদায় হয়েছে ১ হাজার ৩০০ কোটি টাকা যা রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্য ব্যাংকগুলোর মধ্যেও সর্বোচ্চ আদায়। শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ থেকে মোট ২ হাজার ৩৩৫ কোটি টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে শীর্ষ ২০ ঋণখেলাপির কাছ থেকে নগদ আদায় হয়েছে ৩৬১ কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ আদায়।

মামলা ব্যবস্থাপনাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা এবং কেন্দ্রীয়ভাবে তদারকি বাড়ানোর ফলে ২০২৫ সালে ৮২৩টি ঋণসংক্রান্ত মামলা নিষ্পত্তি হয়েছে, যেখানে আগের বছর এ সংখ্যা ছিল ৫৭১টি। একই সময়ে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১ হাজার ৭১৬ কোটি টাকা কমে ১৯ হাজার ৬৪১ কোটি টাকায় নেমে এসেছে। শ্রেণিকৃত ঋণের হারও ৪২ শতাংশ থেকে কমে ৩৮ শতাংশে দাঁড়িয়েছে।

উৎপাদনশীল খাত ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) জন্য ঋণ বিতরণেও গুরুত্ব দিয়েছে ব্যাংকটি। ২০২৫ সালে এসএমই খাতে নতুন করে ১ হাজার ৪৭০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা ব্যাংকটির ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাংক হিসেবে আমাদের প্রধান লক্ষ্য হলো জনগণের আস্থা অর্জন, সুশাসন নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ। খেলাপি ঋণ কমানো, আমানত বৃদ্ধি ও গ্রাহকসেবার মান উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করছি। ডিজিটাল ব্যাংকিংয়ের সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও আধুনিক সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, “ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি উৎপাদনমুখী খাতে ঋণ বিতরণ বাড়ানো হয়েছে। ভবিষ্যতে প্রযুক্তি, স্বচ্ছতা ও জবাবদিহিতার সমন্বয়ে রূপালী ব্যাংককে একটি আধুনিক ও প্রতিযোগিতামূলক আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করার পরিকল্পনা রয়েছে।”

ব্যাংক খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্ত, প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপের কারণে রূপালী ব্যাংক সাম্প্রতিক সময়ে আর্থিক বিভিন্ন সূচকে ইতিবাচক অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে
পরবর্তী নিবন্ধঢাকার প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা বন্ধ হচ্ছে শিগগির: ডিএমপি