নিউজ ডেস্ক
সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে। রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থী যাচাই-বাছাই করছে। এরই মধ্যে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শিগগির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
সোমবার (৬ এপ্রিল) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষেই সংরক্ষিত নারী আসনে নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করে জামায়াত। গত মার্চ মাসজুড়ে দলে নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়া কার্যক্রম চালায় দলটি।
জামায়াতের নারী বিভাগের একটি সূত্র জানায়, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রায় ২৫ জনের একটি তালিকা কেন্দ্রীয় নির্বাহী পরিষদে পাঠানো হয়। কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও প্রক্রিয়ায় কাজ করে।
সূত্র জানায়, ওই তালিকায় চিকিৎসক, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তালিকায় জামায়াতের কেন্দ্রীয় নেতাদের স্ত্রীর নামও রয়েছে বলে জানা যায়।
জামায়াত জোট যেভাবে ১৩ আসন পাচ্ছে
নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সোমবার (৬ এপ্রিল) সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটভিত্তিক বণ্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জোট ৩৬টি আসন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জোট ১৩টি আসন ও স্বতন্ত্রদের ঝুলিতে যাচ্ছে একটি।
চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে শিগগির। দলের আমির সেটা জানাবেন। আমরা ধার্মিকতা, যোগ্যতা ও সৃজনশীল মানুষদের অগ্রাধিকার দেবো।-জামায়াতে ইসলামীর নারী বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা
সংসদে বিএনপির প্রতিনিধি আছেন ২০৮ জন, এনসিপির ছয়জন, জামায়াতের ৬৮ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন, গণঅধিকার পরিষদের একজন, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন, গণসংহতি আন্দোলনের একজন ও খেলাফত মজলিসের একজন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন সাতটি আসন।
আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।
হিসাব অনুযায়ী, বিএনপি ৩৫টি আসন পেলেও ৫০ সংরক্ষিত আসন পূরণ করতে সংসদের সরকারি দলকে আসন বাড়িয়ে দেওয়ার বিধান থাকায় বিএনপিকে একটি আসন বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান ইসির কর্মকর্তারা।


