নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলগুলোর মধ্যে সদিচ্ছা ও ঐক্য থাকলে ভূমিদস্যু, জলদস্যুসহ খাদ্য, পানি, কৃষি নিরাপত্তার বিষয় দ্রুতই সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।
মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন।
মাসউদ বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়। সে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চেষ্টা থাকলেও স্থানীয় পর্যায়ে তা বাস্তবায়ন করা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে।
তিনি বলেন, ক্ষমতায় আসার পরে প্রধানমন্ত্রীর উদ্যোগে খাল পুনরূদ্ধারের অনেকগুলো প্রজেক্ট দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা যারা ঢাকা শহরে, সিটি কর্পোরেশন, উপশহরে বা কোনো পৌরসভায় থাকি, সেখানে কয়টা খাল পুনরূদ্ধারের কাজ শুরু হয়েছে? কারণ এই জায়গায় জমির দাম বেশি।
খালের উপর নির্মিত দোকান, ভবনের দাম অনেক। এক্ষেত্রে সরকার উদ্ধার করতে গেলে দাঙ্গা লাগার পরিবেশ তৈরি হয়।
হান্নান মাসউদ বলেন, যারা দাঙ্গা তৈরি করতে চায়, তারা কেউই সাধারণ মানুষ নন। তারা প্রত্যেকেই হয় এনসিপির নেতা, না হয় জামায়াতের না হয় বিএনপির বা আওয়ামী লীগের নেতা।
তিনি বলেন, একটি পৌরসভায় ধরুন ২০ শতাংশ ভোটার এরকম ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত। সুতরাং তারা একটি নেতৃত্ব খুঁজবে; এবং আমি নিজের দলের নাম নিয়েই বলছি, তাদের নেতৃত্ব দেওয়ার জন্য এসে হয়তোবা দাঁড়িয়ে যাবে এনসিপির একজন।
হান্নান মাসউদ বলেন, ঢাকায় কাল জলাবদ্ধতা হলে আমরা সরকারকে সমালোচনা করব। কিন্তু বাস্তবিক অর্থে যারা বিরোধীদলে আছি, তারা কতটুকু সরকারকে সহায়তা করি? প্রত্যেকে নিজস্ব রাজনীতির কারণে যেদিকে জনবল বেশি, সত্য-মিথ্যা যাচাই না করে সেদিকে দাঁড়িয়ে যায়। এটাই পপুলিস্ট রাজনীতি।
তিনি উল্লেখ করেন, জীববৈচিত্র্য নিশ্চিতের কথা বলা হচ্ছে। তারা খালে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করে খালটি বিক্রি করছে মাছ ধরার জন্য। জোয়ারের সময় পানি প্রবেশ করলে এতে অনেক মাছ থাকে। পানি নামতে শুরু করলে পরে বাঁধের কারণে ফ্লো নষ্ট হয় এবং পানি পচে যায়। এই পানি খেয়ে চরে মহিষ ও অন্যান্য প্রাণী খেয়ে মারা যাচ্ছে।
হান্নান মাসউদ আরও বলেন, এমনকি আর্মির ক্ষেত্রেও, সরকার তাদেরকে জমি দিয়েছে নিজেরা কৃষি কাজ করার জন্য। তারা বন উজাড় করে সেটিকে বিভিন্নজনের কাছে ৫ থেকে ১০ হাজার টাকায় লিজ দেয়। কার কাছে যাব আমরা? কাকে বলব?
তিনি বলেন, বন উজাড়ের ক্ষেত্রে উপর থেকে শক্ত নির্দেশনা দেওয়া হয়। কিন্তু বন কাটতে যে শ্রমিক যায়, তাকেই গ্রেপ্তার করা হয়; রাঘব বোয়ালদের কিছু হয় না। নিঝুপ দ্বীপকে একসময় হরিণের স্বর্গরাজ্য বলা হতো। সেখানে গত দেড়-দুই বছরে হাজার হাজার হরিণ নিধন করা হয়েছে। এর কোনো প্রতিকার ণেই। কারণ তারা খুব প্রভাবশালী।
মাসউদ মনে করেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, পানি সংকট, কৃষি নিরাপত্তা সব একটি সার্কেলেই ঘুরে ফিরে আসে। বাংলাদেশের যত রাজনীতিবিদরা আছেন, তারা যতদিন একটি নির্দিষ্ট সীমারেখায় না আসবেন, ততদিন পরিবর্তন হবে না বলেও মনে করেন তিনি।


