
ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার বাংলাদেশে যেমন নতুন অর্থনৈতিক ও সামাজিক সুযোগ তৈরি করেছে, তেমনি এর অপব্যবহারে নারীর প্রতি সহিংসতার নতুন ক্ষেত্রও তৈরি হয়েছে। প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা, অনলাইন হয়রানি এবং ডিজিটাল যৌন নিপীড়ন এখন একটি বড় সামাজিক ও মানবাধিকার চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে। এই বাস্তবতায় নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে মিডিয়া অ্যাডভোকেসির উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের সম্মেলন কক্ষে ‘টেকনোলজি ফ্যাসিলিটেটেড জেন্ডার বেইজড ভায়োলেন্স’ নিরসনে জাতীয় পর্যায়ের মিডিয়া অ্যাডভোকেসি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন সংস্থা, গণমাধ্যম এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় ডিজিটাল সহিংসতা প্রতিরোধ, নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত নীতিগত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জকরিয়া; মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শায়লা শার্মিন জামান; এবং গণসাক্ষরতা অভিযানের সাবেক উপদেষ্টা ও নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগ, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা এবং কার্যকর নীতিগত পদক্ষেপ এখন সময়ের দাবি।
এই উদ্যোগ বাস্তবায়ন করছে লাইট হাউজ, একটি মানবাধিকার ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা, যা দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিয়ে কাজ করছে। প্রকল্পটি সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত হচ্ছে। এটি সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত একটি উন্নয়ন উদ্যোগ, যা বাস্তবায়ন করছে জিএফএ কনসালটিং গ্রুপ-এর সহায়তায়।
বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিস্তার সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত বৃদ্ধি পেয়েছে। স্মার্টফোন ও ইন্টারনেট সহজলভ্য হওয়ায় দেশের বড় একটি অংশ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়। এর ফলে নারীরা শিক্ষা, উদ্যোক্তা কার্যক্রম, ফ্রিল্যান্সিং এবং সামাজিক যোগাযোগে নতুন সুযোগ পাচ্ছেন। তবে একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে নারীর বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে।
গবেষণা অনুযায়ী, দেশের প্রায় ৭১ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং প্রায় ২৯ শতাংশ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। এই ডিজিটাল উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে নারীর অনলাইন হয়রানির হারও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গবেষণায় দেখা যায়, প্রায় ৬৩.৫১ শতাংশ নারী জীবনের কোনো না কোনো সময়ে অনলাইন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ৮০.৩৫ শতাংশ নারী অশালীন ও যৌন হয়রানিমূলক মন্তব্য পেয়েছেন, ৫৩.২৮ শতাংশ নারী যৌন প্রস্তাব বা অশ্লীল ছবি গ্রহণ করেছেন এবং ১৭.৪৭ শতাংশ ক্ষেত্রে ভুয়া আইডি ব্যবহার করে হয়রানি করা হয়েছে। উদ্বেগজনকভাবে, প্রায় ৮৫ শতাংশ ভুক্তভোগী কোনো ধরনের অভিযোগই করেন না, যা বিচারপ্রক্রিয়াকে আরও দুর্বল করে তোলে।
অন্যদিকে, সাম্প্রতিক পর্যবেক্ষণে দেখা যায়, অনলাইন সহিংসতার প্রবণতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০১৭ সালে যেখানে ৭৩ শতঅংশ নারী ইন্টারনেট ব্যবহারকারী কোনো না কোনো ধরনের সাইবার হয়রানির শিকার হয়েছেন, ২০২১ সালে তা বেড়ে প্রায় ৮০ শতাংশে পৌঁছায়। ২০২৪ সালে সাইবার সহায়তা প্ল্যাটফর্মে ৯,১১৭টি অভিযোগ নথিভুক্ত হয়েছে, যা প্রযুক্তিনির্ভর সহিংসতার দ্রুত বিস্তার নির্দেশ করে। গবেষণায় আরও উল্লেখ করা হয় যে, অনলাইন সহিংসতার কারণে প্রায় ৬৫ শতাংশ নারী মানসিক চাপ, উদ্বেগ বা হতাশায় ভোগেন এবং ৪২.৭৯ শতাংশ নারী সামাজিক মাধ্যমে মত প্রকাশে নিরুৎসাহিত হন। এসব তথ্য স্পষ্টভাবে দেখায় যে ডিজিটাল সহিংসতা কেবল অনলাইন সমস্যা নয়, বরং এটি নারীর সামাজিক অংশগ্রহণ ও মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল সহিংসতার সবচেয়ে বড় সমস্যা হলো এর ব্যাপকতা এবং গোপনীয়তা। অনেক ভুক্তভোগী সামাজিক লজ্জা, ভয় বা বিচার না পাওয়ার আশঙ্কায় অভিযোগই করেন না। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনগত সুরক্ষা ও সামাজিক সচেতনতা এখনও যথেষ্ট নয়। ফলে ভুক্তভোগীরা আরও ঝুঁকির মধ্যে পড়ছেন।
এই পরিস্থিতিতে মিডিয়া অ্যাডভোকেসির মূল লক্ষ্য হলো জনসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ, ভুক্তভোগীবান্ধব পরিবেশ তৈরি, দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা, সহায়তা সেবার তথ্য প্রচার এবং নিরাপদ ডিজিটাল আচরণ সম্পর্কে মানুষকে সচেতন করা। পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারী ও কিশোরীদের প্রতি সহমর্মিতা ও নিরাপত্তা নিশ্চিত করাও এর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।
বিশেষজ্ঞদের মতে, শুধু আইন নয়, সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি। এই উদ্যোগ গণমাধ্যম, নীতিনির্ধারক ও নাগরিক সমাজকে একত্রিত করে একটি নিরাপদ ডিজিটাল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রসঙ্গত, লাইট হাউজ একটি মানবাধিকার ও উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংস্থা। ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের গ্রামীন ও শহুরে দরিদ্র, প্রান্তিক ও উচ্চ ঝুঁকির জনগোষ্ঠী, হিজড়া, প্রতিবন্ধী, আদিবাসী, কৃষক, দূর্যোগকবলিত জনগোষ্ঠী এবং অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে।


