নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। সেখানে বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশাচালক ইব্রাহিম বলেন, প্রতিদিনের মতো কাজ শেষে অটোরিকশা রাখতে গ্যারেজে যাচ্ছিলাম। এসময় হাজারীবাগ পার্কের রাস্তার পাশে মন্দিরের গলিতে ওই যুবককে রক্তাক্ত জখম অবস্থায় পড়ে থাকতে দেখি। তার মাথার বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল।
তিনি আরও বলেন, এরপর স্থানীয় আরেকজনের সহযোগিতায় ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলে। পরে রাত আড়াইটার দিকে আমি তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাই। তাকে ঢামেকের ১০৩নং ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বুধবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই শাওন বলেন, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে আমরা ঘটনা জানতে পারি। কে বা কারা আমার ভাইকে মেরে ফেলে গেছে, সে বিষয়ে আমরা কিছুই বলতে পারবো না। আমার ভাই নির্দিষ্ট কোনো কাজ করতেন না, একেক সময় একেক কাজ করতেন। বেশ কিছুদিন যাবৎ একটি গাড়িতে চালকের সহকারী হিসেবে কাজ করছিলেন।
শাওন আরও বলেন, আমাদের বাসা হাজারীবাগের ভাগলপুর লেনে। বাবার নাম শাহাদাত হোসেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামকের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


