যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক
যুক্তরাষ্ট্রের লাল কার্ড-জনিত নিষেধাজ্ঞায় থাকা ফুটবলারকে ফেরাতে সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ নিয়ে সমালোচনা চলছে বিশ্বজুড়ে। সেই ফোলারিন বালোগানকে নিয়েই মার্কিনিরা আজ (মঙ্গলবার) বেলজিয়ামের মুখোমুখি হয়ে বিধ্বস্ত হয়েছে। তাদের ৪-১ ব্যবধানে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে লুকাকু-ডি ব্রুইনার বেলজিয়াম।

সিয়াটলের লুমেন ফিল্ডে নামার আগে যুক্তরাষ্ট্রের দিকে নজর ছিল পুরো বিশ্বের। আসরজুড়ে আক্রমণাত্মক ফুটবলে আকর্ষণ জাগানো দলটি অবশ্য আসরে নিজেদের সবচেয়ে বড় ম্যাচে ছন্দে ছিল না। উল্টো বেলজিয়ামের উন্নত ফুটবলের সামনে ছিল অসহায়, মার্কিনিদের একের পর এক ভুলও তারা ভালোভাবে কাজে লাগিয়েছে। ডিফেন্ডার ও গোলরক্ষকের ভুলেই হয়েছে দুটি গোল।

যুক্তরাষ্ট্রের বিদায় নিশ্চিতের পথে বেলজিয়ামের হয়ে চার্লস ডি কেটেলার জোড়া গোল এবং হান্স ভেনাকেন ও রোমেলু লুকাকু একটি করে গোল করেন। এর আগে মালিক তিলমান এক গোল করে সমতায় ফিরিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে। প্রথম বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে আসা বেলজিয়াম গত ১২ বছরে দ্বিতীয়বারের মতো শেষ ষোলো থেকে যুক্তরাষ্ট্রকে বিদায় করল। একইসঙ্গে টানা ১৮ ম্যাচ অপরাজিত থাকার ধারাও বজায় রাখল তারা।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার ক্যালিফোর্নিয়ার ইংগলউডে ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে বেলজিয়াম। সেই ম্যাচের বিজয়ীরা সেমিফাইনালে খেলবে ফ্রান্স অথবা মরক্কোর বিপক্ষে।

এই বিশ্বকাপে প্রথমবারের মতো টানা তিনটি ম্যাচ জিতেছিল যুক্তরাষ্ট্র। তবে ২০০২ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য পূরণ করতে পারেনি তারা। এছাড়া ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে জয়ের পর থেকে বেলজিয়ামের বিপক্ষে টানা সপ্তম পরাজয় এটি। ইউরোপের দলের বিপক্ষে নিজেদের শেষ ১২ ম্যাচের মধ্যে ১১টিতেই হেরেছে যুক্তরাষ্ট্র। একমাত্র জয়টি ছিল রাউন্ড অব ৩২-এ বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধপর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
পরবর্তী নিবন্ধওমান উপকূলে জাহাজে ‘রহস্যজনক হামলা’