মুকসুদপুরে লাখ টাকা ব্যায়ে মেসির ১৬ ফুট ভাস্কর্য নির্মাণ

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ (প্রতিনিধি):

আসন্ন ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের ব্যাপক উৎসবমুখর আয়োজন। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের সমর্থকরা তাদের প্রিয় তারকা ফুটবলার লিওনেল মেসির প্রতি ভালোবাসা প্রকাশ করতে লাখ টাকা ব্যায়ে ১৬ ফুট উচ্চতার একটি বিশাল ভাস্কর্য নির্মাণ করছেন।

স্থানীয় ফুটবলপ্রেমীরা জানান, বিশ্বকাপকে ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সেই উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে তুলতেই তারা এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। নির্মাণাধীন ভাস্কর্যটি দেখতে প্রতিদিনই হাজারো বিভিন্ন বয়সী মানুষ ভিড় করছেন।

আর্জেন্টিনা সমর্থকরা জানান, ভাস্কর্য নির্মাণে প্রায় ১ লাখ টাকা ব্যায় হবে। স্থানীয় সমর্থকদের আর্থিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন করা হচ্ছে।

একজন সমর্থক বলেন, “মেসি শুধু একজন ফুটবলার নন, তিনি আমাদের আবেগ ও ভালোবাসার প্রতীক। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই আমরা এই ভাস্কর্য নির্মাণ করছি।”
বিশ্বকাপ চলাকালে খেলা উপভোগের জন্য বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি দর্শকদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এই আয়োজন শুধু আর্জেন্টিনা সমর্থকদের নয়, বরং পুরো এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্বকাপকে ঘিরে বহুগ্রাম এখন যেন ফুটবল উৎসবের এক প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ মুকসুদপুরসহ আশপাশের এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলবে।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম বাড়লো
পরবর্তী নিবন্ধদিল্লির হোটেলে আগুনে পাঁচ বাংলাদেশি আহত: হাইকমিশন