মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মণ্ডল দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।রবিবার (১৯ জুলাই ২০২৬) বিকেল ৪টায় মুকসুদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে অশোক কুমার মণ্ডল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড, নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ, নীতি ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। এসব কর্মকাণ্ড তার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, এসব কারণেই তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যপদসহ দলের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ ও অব্যাহতি গ্রহণ করেছেন।সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না।
তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রেস নোটে উল্লেখ করা হয়, অশোক কুমার মণ্ডল মৃত অমলেন্দু মণ্ডলের পুত্র এবং তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।


