নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজা অনুষ্ঠিত হতে পারে।
দলের জাতীয় স্থায়ী কমিটির একাধিক সদস্যের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র জানায়, দেশ-বিদেশ থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় রেখে রাজধানীর উন্মুক্ত ও বৃহৎ স্থান হিসেবে মানিক মিয়া এভিনিউকে সম্ভাব্য স্থান হিসেবে ভাবা হচ্ছে। তবে জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি এবং স্থান পরিবারের সম্মতি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে দেশজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দলীয় কার্যালয়গুলোয় শোকসভা ও দোয়া মাহফিল আয়োজনের প্রস্তুতিও চলছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শোকানুষ্ঠান সংক্রান্ত সব কর্মসূচি ও নির্দেশনা পরবর্তী সময়ে গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে।


