মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

নিউজ ডেস্ক

পবিত্র নগরী মক্কার পর এবার মদিনায় হামলার অভিযোগ উঠেছে। নগরীর একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে এই হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দায়ী করেছে জোটটি। তবে, এ অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথিরা।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে মদিনায় হামলার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত মঙ্গলবার মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা হয়। হামলায় একটি ট্রান্সফরমার অচল হয়ে গেলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়নি।

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, ঘটনার তদন্ত এবং হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা করে তারা নিশ্চিত হয়েছে যে হামলাটি হুথিরাই পরিকল্পনা ও বাস্তবায়ন করেছে।

তবে, হুথিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবার প্রতিবেদনে গোষ্ঠীটির এক সামরিক কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। এটিকে ‘মিথ্যা’ বলে দাবি করেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, মক্কায় হুথিদের হামলার অভিযোগের পক্ষে সৌদি আরব কোনো প্রমাণ দিতে পারেনি। সেই বিষয়টি আড়াল করতেই মদিনার হামলার অভিযোগ তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ‘নেতানিয়াহু-বিন জায়েদ বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা