নিজস্ব প্রতিবেদক
আগামী অক্টোবরে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ও ব্রাজিলের প্রীতি ম্যাচ নিয়ে যে আলোচনা চলছে, তা বাস্তবায়ন করতে হলে বিশাল অর্থ ব্যয় করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে)।
একদিন আগে বাফুফের এক সদস্য সভাপতির বরাত দিয়ে বলেছেন, এই ম্যাচ হলে তারা সরকারের সহযোগিতা চাইবেন। তবে মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক স্পষ্টই বলেছেন, ব্রাজিল ম্যাচের জন্য সরকার কোনো অর্থ ব্যয় করবে না।
দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী বক্সিংয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তখন ব্রাজিল ম্যাচ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি সরাসরিই এ কথা বলেছেন।
ভারতে ব্রাজিলের ম্যাচ আয়োজনে বড় অঙ্কের খরচ ও অভ্যন্তরীণ সমালোচনা, পাশাপাশি দেশে চলমান অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে সরকারের অবস্থান স্পষ্ট করে প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারের পক্ষ থেকে…এ ধরনের অর্থ ব্যয় করে…। যেহেতু আপনারা জানেন, বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।
’তবে এই ম্যাচ নিয়ে বাফুফে সভাপতি যে তার সঙ্গে আলোচনা করেছেন, সেটা উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। তাদের সঙ্গে (বাফুফে) যেহেতু কথা হয়েছে ব্রাজিল প্রতিনিধিদলের, তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে; তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’


