বীমা খাতে আস্থা ফিরিয়ে আনতে সুশাসন, ডিজিটালাইজেশন ও সংস্কারের তাগিদ

নিজস্ব প্রতিবেদক

দেশের বীমা খাতে মানুষের আস্থা পুনরুদ্ধার, সুশাসন নিশ্চিত, পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তর এবং কার্যকর নিয়ন্ত্রক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরা। তারা বলেন, দীর্ঘদিনের দুর্বল তদারকি, সুশাসনের অভাব, সীমিত পণ্য বৈচিত্র্য এবং প্রযুক্তির অপর্যাপ্ত ব্যবহারের কারণে বীমা খাত কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাতে পারেনি। তবে প্রয়োজনীয় সংস্কার, জবাবদিহিতা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খাত দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের হোটেল একাত্তরে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বীমা খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক বাজেট-পরবর্তী সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

আইআরএফ সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ (এমপি) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের (বিআইএফ) সভাপতি বিএম ইউসুফ আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর ও আইআরএফ এর সিনিয়র সদস্য মনির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বাণিজ্য প্রতিদিনের সম্পাদক ও আইআরএফের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।

ড. তিতুমীর: ন্যায্যতা, জবাবদিহি ও ডিজিটালাইজেশন নিশ্চিত করতে হবে

প্রধান অতিথির বক্তব্যে ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, দেশের বীমা খাতে ন্যায্যতা, জবাবদিহি এবং কার্যকর নিয়ন্ত্রণের বড় ঘাটতি রয়েছে। দীর্ঘদিনের দুর্বল নিয়ন্ত্রণের কারণে ব্যাংক, পুঁজিবাজার ও বীমাসহ পুরো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি মানুষের আস্থা কমে গেছে।

তিনি বলেন, সরকার অতিনিয়ন্ত্রণে বিশ্বাসী নয়। তবে গ্রাহকের অধিকার নিশ্চিত করতে শক্তিশালী, জবাবদিহিমূলক এবং বাজারভিত্তিক নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে হবে।

তিনি বীমা খাতের উন্নয়নে পাঁচটি দিকনির্দেশনা তুলে ধরেন। এগুলো হলো—বীমা কোম্পানিতে লুটপাট ও মালিকানার অপসংস্কৃতি বন্ধ করা, কৃষি ও স্বাস্থ্যবীমাসহ নতুন পণ্যের সম্প্রসারণ, পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং কার্যকর বাজারভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা।

ড. তিতুমীর বলেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হলেও কৃষি বীমার প্রসার খুবই সীমিত। একই সঙ্গে স্বাস্থ্যবীমাও এখনো সীমিত জনগোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা না গেলে গ্রাহকসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, বীমা খাতে ন্যায্যতা, অধিকার এবং কার্যকর নিয়ন্ত্রণ—এই তিন ক্ষেত্রেই বড় ঘাটতি রয়েছে।

আইডিআরএ চেয়ারম্যান: ৭ হাজার কোটি টাকার দাবি নিষ্পত্তিই এখন অগ্রাধিকার

বিশেষ অতিথির বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, বীমা খাত সংস্কারে তিনটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে—গ্রাহকের আস্থা পুনরুদ্ধার, বীমাকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের অন্যতম ভিত্তি হিসেবে গড়ে তোলা এবং খাতের সক্ষমতা বৃদ্ধি।

তিনি জানান, বর্তমানে প্রায় ৭ হাজার কোটি টাকার অনিষ্পন্ন বীমা দাবি রয়েছে। প্রতিটি কোম্পানির আর্থিক অবস্থা পর্যালোচনা করে দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে সব বিকল্প শেষ হওয়ার পর সরকারের কাছে এককালীন (ওয়ান-টাইম) বেইলআউট প্যাকেজের প্রস্তাব দেওয়া হতে পারে।

তিনি বলেন, অনেক কোম্পানির অর্থ দুর্বল ব্যাংকে আটকে রয়েছে, কোথাও সম্পদ বিক্রিতে জটিলতা রয়েছে। এসব সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।

আইডিআরএ চেয়ারম্যান আরও বলেন, পুরোনো কমপ্লায়েন্সভিত্তিক তদারকি ব্যবস্থা পরিবর্তন করে রিস্ক-বেইজড সুপারভিশন চালু করা হবে। পাশাপাশি ডিজিটাল ট্রান্সফরমেশন, মাইক্রোইন্স্যুরেন্স সম্প্রসারণ, তাকাফুলের নীতিমালা প্রণয়ন, বিশ্ববিদ্যালয়ে বীমা শিক্ষা চালু এবং পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বীমা খাতের ভূমিকা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানি—এই তিন পক্ষের আন্তরিকতা ছাড়া কোনো সংস্কার সফল হবে না।

সাঈদ আহমেদ: মোটর বীমা বাধ্যতামূলক করতে হবে

বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাঈদ আহমেদ (এমপি) বলেন, বীমা কমিশনকে ব্যবসায়িক কার্যক্রম ও অনিয়ম থেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। একই সঙ্গে মোটরযান বীমা বাধ্যতামূলকভাবে সম্প্রসারণ এবং নতুন খাতে বীমা সেবা চালুর ওপর গুরুত্ব দেন।

বিএম ইউসুফ আলী: সমন্বিত উদ্যোগ ছাড়া উন্নয়ন সম্ভব নয়

বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বীমা খাতকে আধুনিক, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করতে হবে। এজন্য সরকার, নিয়ন্ত্রক সংস্থা এবং বীমা কোম্পানিগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ড. শহিদুল ইসলাম জাহিদ: বীমার প্রবেশযোগ্যতা বাড়াতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ বলেন, দেশের অর্থনীতিতে বীমা খাত গুরুত্বপূর্ণ হলেও বীমার প্রবেশযোগ্যতা এখনো অনেক কম। দুর্বল নিয়ন্ত্রক ব্যবস্থা, সুশাসনের অভাব ও স্বল্পমেয়াদি লাভের প্রবণতা এ খাতের প্রধান সমস্যা। তিনি কৃষি ও জলবায়ুভিত্তিক বীমা সম্প্রসারণের ওপর জোর দেন।

এস এম নুরুজ্জামান: জীবন বীমা খাতের সংকট বেশি

জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুজ্জামান বলেন, জীবন বীমা খাতের সংকট সাধারণ বীমার তুলনায় বেশি। সম্পদ বিক্রির জটিলতা দূর করা এবং ব্যাংক ঋণ সহায়তা সহজ করলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব।

মূল প্রবন্ধ

মূল প্রবন্ধে মনির হোসেন বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বীমা খাতের আধুনিকায়ন, সুশাসন প্রতিষ্ঠা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সেমিনারে বক্তারা বলেন, বীমা খাতকে টেকসই ও জনমুখী করতে হলে আস্থা, সুশাসন, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর নিয়ন্ত্রক কাঠামো নিশ্চিত করার বিকল্প নেই।

পূর্ববর্তী নিবন্ধমা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দিগনগরের ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী সুমন বল