বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস কাতার প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল থানি। তিনি বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করে বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এ সহযোগিতার আশ্বাস দেন।

বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৈঠকে আশ্বাস দেন কাতারের প্রধানমন্ত্রী।

বৈঠকে ড. খলিলুর রহমান কাতারের নেতৃত্বের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে কাতারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।

আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাতারের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।

পাশাপাশি তার দায়িত্ব সফলভাবে পালনে কাতারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় ড. খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ
পরবর্তী নিবন্ধসংসদীয় সভায় বারবার কাঁদলেন ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রীও