বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক নজরদারি করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার একই সঙ্গে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন—এই তিনটি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করছে।

শনিবার এক সংবাদ সম্মেলনে মাহ্দী আমিন বলেন, প্রবল বৃষ্টিপাতের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকায় বন্যা, পাহাড়ধস ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলায় জনজীবনে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন এবং তার বিভিন্ন টিমের মাধ্যমে নিয়মিত তদারকি করা হচ্ছে। গতকাল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পাঁচ জেলার রাষ্ট্র পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), সিভিল সার্জন এবং ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। বৈঠকে তিনি কীভাবে জনগণের পাশে থাকতে হবে এবং কীভাবে তাদের সহায়তা করতে হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন।

মাহদী আমিন বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী দেশের সব বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠক করবেন। তাদের মতামত নেবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। উদ্ধার কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের সব স্তরের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়েছে। ইউএনও থেকে শুরু করে ডিসি, এসপি, আইনশৃঙ্খলা বাহিনী এবং ওসি পর্যন্ত সবাইকে এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি মন্ত্রণালয় নিজ নিজ দায়িত্ব অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটি সমন্বিত উদ্যোগের আওতায় কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর নির্দেশে বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে গিয়ে পরিস্থিতি সরাসরি তদারকি করছেন। চট্টগ্রাম বিভাগের স্থানীয় সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় ছুটে গেছেন। রাজনৈতিক নেতারাও তৃণমূল পর্যায়ে গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদেরও আহ্বান জানিয়েছেন, যাতে তারা সাধারণ মানুষের পাশে থেকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তার ভাষ্য অনুযায়ী, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা স্থানীয়ভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী এরই মধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। দুই কোটি টাকারও বেশি অর্থ দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব পরিবারের ঘরবাড়ি বিলীন হয়ে গেছে এবং যারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে চাল পৌঁছে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি