নিউজ ডেস্ক
অগ্নিকাণ্ড ও যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ১০ মিনিটে কেন্দ্রটির ১ নম্বর ইউনিটের আইঅ্যান্ডসি সেকশনের বৈদ্যুতিক লাইনে শর্টসার্কিট থেকে হঠাৎ আগুন লাগে।
এতে কেন্দ্রটির সচল থাকা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটও তাৎক্ষণিকভাবে ‘ট্রিপ’ করে বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎ কেন্দ্রটির সামগ্রিক উৎপাদন পুরোপুরি থমকে যায়।
কেন্দ্রটির ২ নম্বর ইউনিট ২০২০ সাল থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।
তিনি জানান, দ্রুত উৎপাদনে ফেরার চেষ্টা অব্যাহত রয়েছে।
বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, সম্প্রতি ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট ও ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিট সচল ছিল।
এর মধ্যে ১ নম্বর ইউনিট থেকে প্রায় ৬৫ মেগাওয়াট ও ৩ নম্বর ইউনিট থেকে প্রায় ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।
২০১৭ সালে স্থাপন করা ২৭৫ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটটি প্রায় আট বছর চালু থাকার পর যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৮ মাস ২০ দিন বন্ধ থাকার পর প্রায় দুই মাস আগে ইউনিটটি পুনরায় সচল করা হয়েছিল।
অগ্নিকাণ্ডের কারণে ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি ৩ নম্বর ইউনিটও ‘ট্রিপ’ করায় এর উৎপাদন বন্ধ রয়েছে। আর কেন্দ্রটির ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সাল থেকেই বন্ধ। ফলে বর্তমানে কেন্দ্রটির সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে।


