স্পোর্টস ডেস্ক

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো রাজনৈতিকভাবে আগের চেয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানো হলেও তার এক ম্যাচের স্বয়ংক্রিয় নিষেধাজ্ঞা ২০২৬ বিশ্বকাপের পর পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্তের পর ফিফার ভেতরে ও বাইরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।
দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিফার একাধিক সদস্য দেশ এখন ইনফ্যান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে। তাদের অভিযোগ, এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রতিযোগিতার ন্যায্যতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে।
বিতর্ক আরও তীব্র হয় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানান, বালোগুনের বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে ইনফ্যান্তিনোর সঙ্গে ফোনে কথা বলেছেন। এরপর ফিফা লাল কার্ড বহাল রাখলেও শাস্তি কার্যকর না করে বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত স্থগিত রাখার নজিরবিহীন সিদ্ধান্ত নেয়।
প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড ইতোমধ্যে এই সিদ্ধান্তের প্রকাশ্য সমালোচনা করেছে। এছাড়া মিশর ও সেনেগালও ফিফা নেতৃত্বের প্রতি নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করছে।
ফিফার এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাজনৈতিক হস্তক্ষেপের এর চেয়ে স্পষ্ট উদাহরণ কল্পনা করা কঠিন। ফিফা যেভাবে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করেছে, তা হাস্যকর। ইনফ্যান্তিনো এখন গভীরভাবে বিচ্ছিন্ন। তিনি এমন এক সভাপতি হয়ে উঠছেন, যিনি প্রকৃত ক্ষমতা হারিয়েছেন।’
যদিও আগামী বছরের ফিফা সভাপতি নির্বাচনে ইনফ্যান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা ভাবা হচ্ছিল। তবে এবারের বিশ্বকাপের পর পরিস্থিতি অনেকটা বদলে গেছে। সংস্থার ভেতরে তার প্রভাব অনেকটাই কমে গেছে বলে মনে করা হচ্ছে।
প্রতিবেদনটি আরও দাবি করেছে, ইনফ্যান্তিনোর দীর্ঘমেয়াদি বেশ কয়েকটি পরিকল্পনাও এখন বড় ধাক্কা খেয়েছে। ক্লাব বিশ্বকাপ আরও সম্প্রসারণের উদ্যোগ ব্যাপক বিরোধিতার মুখে পড়েছে। পাশাপাশি ২০৩১ সালের পরও সভাপতি হিসেবে থাকার জন্য ফিফার গঠনতন্ত্র পরিবর্তনের সম্ভাবনাও প্রায় শেষ হয়ে গেছে।
এদিকে, বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্তটি ঠিক কে বা কারা অনুমোদন করেছিলেন, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ফিফা।


