নিজস্ব প্রতিবেদক
দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে টানা ছুটি শেষ হয়েছে রোববার (২৫ অক্টোবর)। আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যথারীতি ক্লাস শুরু হবে। তবে কলেজের ছুটি চলবে আরও কিছুদিন।
১ নভেম্বর থেকে কলেজগুলোতে ক্লাস শুরু হবে।শিক্ষা মন্ত্রণালয় সূত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। তথ্যমতে, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও সরকারের নির্বাহী আদেশে ঘোষিত ছুটি শুরু হয়েছিল গত ১৮ অক্টোবর।
এর আগে ১৬ ও ১৭ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি পড়ায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসা বন্ধ ছিল।এদিকে, ২২ অক্টোবর ঘোষিত ছুটি শেষ হলেও ২৩ এবং ২৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি (শুক্র-শনিবার) থাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর রোববার (২৫ অক্টোবর) লক্ষ্মীপূজার ছুটি পড়েছে।
এতে টানা ১০ দিনের ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।অন্যদিকে সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি আরও বেশি। কলেজের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ১৮ অক্টোবর থেকে দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটি শুরু হয়।
এ ছুটি শেষ হবে ২৯ অক্টোবর।৩০ ও ৩১ অক্টোবর শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ফলে টানা ছুটি শেষে ১ নভেম্বর দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে যথারীতি ক্লাস শুরু হবে।


