নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর বড় ছেলে আবরার ইলিয়াসের বিয়ের অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে একসঙ্গে দেখা গেছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঘরোয়াভাবে আবরার-সাথীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে একই টেবিলে পাশাপাশি বসে খাবার খান তারা।
এর পাশে বসা ছিলেন বিএনপির চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, বিয়ের অনুষ্ঠানে দুই নেতার দেখা হয়। অনুষ্ঠান শেষে দুজন কুশল বিনিময় করেন।
বর-কনে দুজনই ব্যারিস্টার অ্যাট ’ল পাস করেছেন লন্ডনের লিংকস ইউনিভার্সিটি থেকে। অনুষ্ঠানে আবরারের মা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য তাহসিনা রুশদীর লুনা, ইলিয়াস-লুনা দম্পতির ছোট ছেলে লাবিব সাহরা ও ছোট মেয়ে সাইয়ারা নাওয়াল উপস্থিত ছিলেন।
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর আমতলী এলাকা থেকে নিজের গাড়ি চালকসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তার পরিবারের অভিযোগ, সেদিন গাড়ি থামিয়ে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তুলে নিয়ে যায় তাদের দুজনকে। ইলিয়াস আলী যখন নিখোঁজ হন, তার বড় ছেলে আবরার তখন ছিলেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী।


