পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, বিমান ও নৌবাহিনী) পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সিলেট অঞ্চলে পাথর আহরণ নিয়ে বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে আমাদের একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজে মাঠে রাখতে পারবো না। নির্বাচিত সরকার, রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। আমরা পুলিশবাহিনীকে একটা সুশৃঙ্খল অবস্থায় ফেরত নিয়ে আসতে পেরেছি বলে আমাদের এখন বিশ্বাস জন্মেছে, জনমনেও বিশ্বাস জন্মেছে।

তিনি বলেন, সেই অবস্থায় আমরা পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য উদ্যোগ নিচ্ছি এ কথা সত্য। তবে, সেটা আমরা কীভাবে করবো, পুলিশ সেনাবাহিনী ও অন্যান্য সংস্থাগুলো বসে তারা পর্যায়ক্রমে সেই ব্যবস্থা নেবে।

কোটা সংস্কার আন্দোলন চরম আকার ধারণ করলে ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করে সরকার। আন্দোলন ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার ব্যাপক সংঘর্ষ হয়। সাধারণ মানুষের সঙ্গে অনেক পুলিশ সদস্যও হতাহত হন। পুড়িয়ে দেওয়া হয় থানা, লুট করা হয় অস্ত্র। ৫ আগস্টের পর থানা ছেড়ে কর্মবিরতিতে যায় সারাদেশের পুলিশ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে।

ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ৩০ সেপ্টেম্বর প্রজ্ঞাপন সংশোধন করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার (সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তা) এ ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ শুধু সেনাবাহিনী নয় বিমান ও নৌবাহিনীর কমিশন্ড অফিসারদেরও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। তখন ৬০ দিনের জন্য এ ক্ষমতা দেওয়া হয়েছিল। পরে দফায় দফায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়ার মেয়াদ বাড়ানো হয়।

পূর্ববর্তী নিবন্ধমাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
পরবর্তী নিবন্ধবগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা