দ্বিতীয় ওয়ানডে: বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ বছরের অপেক্ষার অবসান। ওয়ানডেতে অজিদের হারানো, তাও আবার ঘরের মাঠে প্রথমবার। একই ম্যাচে নাহিদ রানার গতির ঝড়ে দিশেহারা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার যেন একসঙ্গেই সবকিছু পেয়েছে বাংলাদেশ। নাহিদের চার উইকেটে ভর করে ৮৬ রানের দাপুটে জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে স্বাগতিকরা।

তবে বড় দলগুলোর বৈশিষ্ট্যই হলো, তারা সাফল্যে বেশিক্ষণ আটকে থাকে না। একটি জয় উদযাপনের পরই চোখ থাকে পরের লক্ষ্য পূরণে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মধ্যেও সেই মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। তাই প্রথম ম্যাচের স্মৃতি পেছনে ফেলে আজ আবারও মিরপুরে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল।

সকাল ১১টায় শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে সুযোগ ইতিহাস গড়ার। এই ম্যাচে জিততে পারলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে এর আগে বাংলাদেশের মাত্র একটি ওয়ানডেতে জয় ছিল। ২০০৫ সালে কার্ডিফে ন্যাটওয়েস্ট সিরিজে ম্যাচে। মঙ্গলবারের জয়ে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে দুইয়ে।

এবার সেই ঐতিহাসিক জয়ের ধারাবাহিকতা ধরে রেখে আরও বড় অর্জনের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আর সেই মিশনের প্রথম ধাপ আজকের দ্বিতীয় ওয়ানডে। এই ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। প্রথম ম্যাচে সাইফ হাসান শুরুতে ফিরলেও তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত ৯৬ রানের জুটি গড়ে ভালো শুরু এনে দেন। এরপর পায় ৪ বছর পর দলে ফিরেই ৮৬ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর বল হাতেও ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা। আর শুরুতে সাফল্য এনে দেন তাসকিন আর মাঝ থেকে শেষ পর্যন্ত অজি ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছেড়েছেন নাহিদ রানা, শিকার করেন ৪ উইকেট।

অন্যদিকে অস্ট্রেলিয়া মূলত প্রথম ম্যাচে ভুগেছে ফিল্ডিংয়ে। অন্তত ৪টি ক্যাচ ফেলেছেন অজি ফিল্ডাররা। তবে দলটির কোনো বোলারই প্রথম ম্যাচে বাংলাদেশি ব্যাটারদের অস্বস্তিতে ফেলতে পারেনি। অজিরা মানসিকভাবে খুবই দৃঢ়চেতা হয়। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় এই ম্যাচে তারা মরিয়া হয়ে উঠবে সিরিজে টিকে থাকতে। বাংলাদেশকে সেখানেই খুবই সতর্ক থাকতে হবে। তাদের একাদশে হয়তো পরিবর্তন হতে পারে।

আইসিসি পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষেই এখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোসাদ্দেক বিশ্বাস করেন প্রক্রিয়ায় থাকতে পারলে সিরিজ জয় অবশ্যই সম্ভব।

তিনি বলেন, ‘খুব ভালো একটা সুযোগ আছে আমাদের সামনে এই সিরিজটা জেতার। আমরা যদি আমাদের প্রক্রিয়ায় থাকতে পারি, অবশ্যই জেতা সম্ভব এবং আমি থেকে শুরু করে আমাদের সবার সেই বিশ্বাসটা আছে।’

প্রথম ম্যাচ হারলেও সিরিজে ফিরতে মরিয়া অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের হাতে আরও দুটো ম্যাচ আছে এবং আশা করি এই ম্যাচটা থেকে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারবো। আমরা বেশ শান্ত আছি। দিনটা আমাদের জন্য খুব একটা ভালো ছিল না। উন্নতির অনেক সুযোগ আমাদের আছে, যা আমি মনে করি একটা ভালো দিক। এখন বৃহস্পতিবার সিরিজে ফিরে আসাটাই মূল ব্যাপার।’

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত ২
পরবর্তী নিবন্ধবাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা