নিজস্ব প্রতিবেদক
দেশের বেশ কিছু অঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগের ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বুধবার (৫ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


