দীর্ঘ অপেক্ষার পর পাওনা পেলেন ফারইস্টের ৫২৩ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবি পরিশোধের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রথম ধাপে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দীর্ঘদিনের বকেয়া পাওনার আংশিক মেটানো হয়েছে।

আজ রবিবার থেকে প্রতিষ্ঠানটির ৫২৩ জন গ্রাহকের অনুকূলে মোট ৫ কোটি ৪২ লাখ টাকা পরিশোধ করা হয়।

আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সরাসরি নির্দেশনা ও তত্ত্বাবধানে এই অর্থ হস্তান্তর সম্পন্ন হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কোম্পানির সিকিউরিটি বন্ড নগদায়ন করে সরাসরি ব্যাংক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে গ্রাহকদের ব্যাংক হিসাবে টাকা পাঠানো হয়েছে।

দেশের বীমা খাতে বছরের পর বছর মেয়াদ পূর্তির টাকা বা বীমা দাবি না পেয়ে চরম ভোগান্তির শিকার হয়ে আসছেন হাজার হাজার সাধারণ গ্রাহক। নির্দিষ্ট সময়ে টাকা না পাওয়া, বীমা প্রতিষ্ঠানগুলোর অব্যবস্থাপনা এবং অর্থ আত্মসাতের কারণে তৈরি হওয়া আস্থার সংকটে বীমা গ্রাহকদের দৈনন্দিন ও পারিবারিক আর্থিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছিল।

আইডিআরএ-এর এই কঠোর ও তদারকিমূলক পদক্ষেপে দীর্ঘদিনের সেই ভোগান্তি অবসানের নতুন আশার সঞ্চার হয়েছে।সংস্থাটি জানিয়েছে, ফারইস্টের অবশিষ্ট বকেয়া দাবিগুলোও পর্যায়ক্রমে পরিশোধ করা হবে। এর জন্য কোম্পানির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রিসহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বীমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষা, খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে আইডিআরএ কাজ করে যাচ্ছে উল্লেখ করে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন জানান, এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় আগামী সেপ্টেম্বর মাসে আরও ৭টি বীমা কোম্পানির আটকে থাকা দীর্ঘদিনের অপরিশোধিত দাবি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩ জেলায় নতুন এসপি