২৪ এর গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান প্রধানমন্ত্রীর

জেলা প্রতিনিধি

২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা দেখেছি ইতঃপূর্বে ১৯৭১ এর মহান যুদ্ধকে কেউ একজন বিতর্কিত করতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা ভালো চোখে দেখেনি।

ঠিক একইভাবে আমরা দেখেছি, ২৪’র ছাত্র-জনতার যে গণঅভ্যুত্থান, সেটাকেও কোনো কোনো মহল বিতর্কিত করার চেষ্টা করছে। আমি সবার সামনে স্পষ্ট করে বলতে চাই- দয়া করে আপনারা কেউ ২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা-রাধা গোবিন্দ মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্দিষ্ট সংসদ গঠিত হয়েছে, সেই সংসদে জনগণ তাদের প্রতিনিধিদের পাঠিয়েছে। আপনাদের যদি কিছু বলার থাকে, তুলে ধরার থাকে, আপনারা সেখানে কথা বলুন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আজ আপনাদের এখানে আমি এসেছি এইটুক বলার জন্য যে, ১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীন করেছিলাম, তখন কিন্তু আমরা কোনো ধর্ম দেখিনি। প্রতিটি মানুষ, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন পেশার মানুষ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল।

ঠিক একইভাবে দেশ স্বাধীনের পর যখন বিভিন্ন সময় গণতন্ত্র হুমকিস্বরূপ হয়েছিল, তখন এই দেশের মানুষ তাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে নেমে এসেছিল এবং যে মানুষগুলো নেমে এসেছিল, সেই মানুষদের ভেতরেও সকল ধর্মের মানুষই ছিল, সকল মত, সকল শ্রেণি-পেশার মানুষ ছিল।

ঠিক একইভাবে, বেশিদিন আগের কথা নয়, দু-আড়াই বছর আগের কথা। বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। এদেশের ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষের ঘাড়ে যে স্বৈরাচার চেপে বসেছিল, তাকে এদেশ থেকে তাড়িয়ে ছেড়েছে।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী