জুলাই সনদ নিয়ে উত্তপ্ত সংসদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে ‘জুলাই সনদ’ এবং গণঅভ্যুত্থানের একক কৃতিত্বের দাবিকে কেন্দ্র করে সরকার ও বিরোধী দলের সদস্যদের মধ্যে উত্তেজনা ও হৈ চৈ হয়েছে।

গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল করিম রনি জুলাই সনদ নিয়ে তৈরি বিতর্কের সমালোচনা করে বক্তব্য দিলে বিরোধী দলের দিক থেকে এর প্রতিবাদ জানানো হয়।

সোমবার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মঞ্জুরুল করিম রনি এ বক্তব্য দেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মঞ্জুরুল করিম রনি বলেন, এই সংসদের প্রথম দিন থেকেই একটি ‘জুলাই সনদ’ নিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক শুরু করা হয়েছে। আপনারা যদি জুলাই আন্দোলনকে একক অর্জন বলে দাবি করতে চান, তখন আমাদের মন ব্যথিত হয়।

সেখানে তো আমরাও ছিলাম, আমাদেরও চার শতাধিক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতের হাতে রক্তের দাগ থাকলেও বিএনপি একমাত্র দল যাদের হাতে কোনও রক্তের দাগ নেই।
আমাদের ১৭ বছর রাজপথের সংগ্রামের সামনে তিন-চার বছরের হুংকার দিয়ে লাভ নেই।
মঞ্জুরুল করিম রনির এই বক্তব্যের পরপরই বিরোধী দলের সংসদ সদস্যরা দাঁড়িয়ে সমস্বরে প্রতিবাদ শুরু করেন।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ফ্লোর নিয়ে বলেন, যে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকের এই সরকার গঠিত হয়েছে, সেই জুলাই সনদের আলোচনাকে ‘আননেসেসারি’ বলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে খাটো করা মানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং শহীদদের রক্তকে অপমান করা।

তার এই বক্তব্যের প্রতিবাদ করেন সরকারি দলের সংসদ সদস্যরা।

এ সময় সংসদে দুই পক্ষের মধ্যে হইচই ও কথা কাটাকাটি শুরু হলে অধিবেশন কক্ষ উত্তপ্ত হয়ে ওঠে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদস্যদের শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা এবং বাকস্বাধীনতার কারণে যে যার বক্তব্য এখানে প্রকাশ করতে পারেন। অহেতুক কাউকে ডিস্টার্ব করা ঠিক নয়। যদি কারও বক্তব্য পছন্দ না হয়, তবে পরবর্তীতে নিজ নিজ সময়ে শালীনভাবে তার প্রতিবাদ বা মতামত দেওয়ার সুযোগ রয়েছে।

স্পিকারের হস্তক্ষেপের পর অধিবেশন কক্ষে তৈরি পরিস্থিতি শান্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধপ্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন: সংসদে মির্জা ফখরুল