নিজস্ব প্রতিবেদক
চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দেশটির বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণকালে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিউগলে বাজানো হয় শ্রদ্ধার করুণ সুর।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।নিজস্ব প্রতিবেদক
বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপল-এ শুক্রবার (২৬ জুন) চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের চীন সফরের শেষ দিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এ সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে।
পাশাপাশি দেশের উন্নয়ন-অগ্রযাত্রাকে আরও সুসংহত করতে ইতিবাচক ফলাফল অর্জনের প্রত্যাশা রয়েছে।
মাহদী আমিন বলেন, বাংলাদেশ-চীন সম্পর্ক আগামী দিনে আরও বহুমাত্রিক ও গভীর হবে।
কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ- সব ক্ষেত্রেই দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সরকার আশাবাদী।
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার বিকেলে বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
এ সফরে তার সঙ্গে ২৮ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।
সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন- পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর কয়েকজন উপদেষ্টাও সফরে অংশ নিয়েছেন।
গত ২১ জুন প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর গত সোমবার রাতে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে চীনের দালিয়ানে যান তিনি। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর ২২ জুন বিকেলে বেইজিং পৌঁছান।
সফরের শেষ দিনে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাতীয় জাদুঘর পরিদর্শন। সফর শেষে শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।


