খালেদা জিয়ার জানাজায় যোগ দিলেন বিদেশি কূটনীতিকরা

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিদেশ থেকে আসা ও ঢাকার বিভিন্ন দেশের কূটনীতিকরা।

বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দেন ও শ্রদ্ধা নিবেদন করেন ঢাকার ও বিদেশ থেকে আসা কূটনীতিকরা। এ ছাড়া মুসলিম দেশগুলোর কূটনীতিকরা জানাজায় অংশ নেন।

খালেদা জিয়ার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর, পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।

তারা সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। একই সঙ্গে নিজ নিজ দেশের সরকারপ্রধানের শোকবার্তা হস্তান্তর করেন।
এ ছাড়া জানাজা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন ঢাকায় নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মোতালিব এস এম সোলায়মান, অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রিলে, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিন, রাশিয়ার ভারপ্রাপ্ত রাশিয়ার রাষ্ট্রদূত একেতেরিনা সেমনোভা, সিঙ্গাপুরের হাইকমিশনার মিশেল লি, ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিয়াদ এম হামাদ, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, দক্ষিণ কোরিয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জিনহি ব্যাক, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, কানাডার হাইকমিশনার অজিত সিং, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভেশি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা ও তারেক রহমান
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল ইসলাম