খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ছাড়লেন জয়শঙ্কর

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানিয়ে ঢাকা ত্যাগ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ভারতের বিমান বাহিনীর এক বিশেষ ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা জানান, বিকেল ৫টায় জয়শঙ্কর ঢাকা ছাড়েন।

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত সফরে আজ বুধবার দুপুরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

জয়শঙ্কর ভারত সরকার ও জনগণের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

সংক্ষিপ্ত এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেনG

এছাড়া খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসা পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আয়াজ সাদিকসহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন জয়শঙ্কর।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জয়শঙ্করই প্রথম ভারতীয় মন্ত্রী হিসেবে ঢাকা সফর করেন।

পূর্ববর্তী নিবন্ধদুই দেশের সম্পর্ক সমৃদ্ধ হবে তারেক রহমানের নেতৃত্বে, আশা মোদীর
পরবর্তী নিবন্ধরিজার্ভ বেড়ে ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল