এনসিপির আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক

রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রংপুরের পীরগাছা থানায় এই ডায়েরি করেন আখতার হোসেন।

ডায়েরিতে আখতার অভিযোগ করেন, বিকেলে পীরগাছার ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনি প্রচার-প্রচারণা চলাকালীন একটি মোবাইল নম্বর থেকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে বিষয়টি নিয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

আখতার বলেন, ‘আজ বিকেলবেলা হঠাৎ আমার ফোন নম্বরে একটি অপরিচিত নম্বর থেকে কল আসে এবং তিনি অশ্রাব্য, অশ্লীল গালিগালাজ করেন, প্রাণনাশের হুমকি দেন। আমার পরিবারকে কেটে ফেলবে, মেরে ফেলবে, ইলেকশন হওয়ার পরে দেখে নেবে- এমন হুমকি দেন।

নির্বাচনে প্রতিপক্ষ নানাভাবে কালো টাকা এবং পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে এই ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন।’

পীরগাছা থানা পুলিশের ডিউটি অফিসার এএসআই আজাদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ‘পাশা’র পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করলো ইসি
পরবর্তী নিবন্ধআজ থাইল্যান্ডে সংসদ নির্বাচন, হবে গণভোটও