ঈদের আগের দিন সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী বৃহস্পতিবার (২৮ মে)। তবে উৎসবের ঠিক আগের দিন কেমন থাকবে দেশের আকাশ? ২৩ মে দেওয়া আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি বলছে, ঈদের আগের দিন দেশের সব বিভাগেই ঝড়-বৃষ্টির আভাস রয়েছে।

আগামী বুধবার (২৭ মে) সন্ধ্যা ৬টা থেকে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দমকা হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ে সারাদেশের আকাশ আংশিক মেঘলা থেকে শুরু করে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

ঈদের আগের দিন ঘরমুখো মানুষের যাত্রা কিংবা পশুর হাটে বেচাকেনার শেষ মুহূর্তে ঝড়-বৃষ্টির কারণে বিঘ্ন ঘটতে পারে। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির সময় সবাইকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলর হামলায় নিহত ২০
পরবর্তী নিবন্ধইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, বাকি শুধু আনুষ্ঠানিকতা