নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মুখোমুখি অবস্থান নিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম এবং বিভিন্ন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে দুই পক্ষের কর্মসূচি ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে।
সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখা, সুশাসন নিশ্চিত করা এবং আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিক্ষোভ করছেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং বক্তব্য রাখছেন ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখার ব্যবসায়ী ও গ্রাহকরা।
অন্যদিকে ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছেন। তাদের দাবি, এস আলম গ্রুপের সময়ে নিয়োগ পাওয়া এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও সনদ যাচাইয়ের পর চাকরিচ্যুত হওয়া কর্মীদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে।
চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, প্রায় পাঁচ হাজার কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। তাদের এক দফা দাবি বকেয়া বেতন-ভাতাদিসহ কোনো শর্ত ছাড়াই চাকরিতে পুনর্বহাল।
এর আগে গ্রাহক ফোরাম ব্যাংক খাতের সুশাসন ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। আজকের কর্মসূচিতেও তারা ব্যাংকটির ব্যবস্থাপনা ও কার্যক্রম নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
এদিকে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সাজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে।


