ইরানে তীব্র হচ্ছে হামলা, ময়দানে ৫০ হাজার মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্যে ক্রমেই তীব্র হয়ে উঠছে যুদ্ধ পরিস্থিতি। অঞ্চলটিতে টানা সপ্তম রাতের মতো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রাণঘাতী হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করেছে।

শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর টানা সপ্তম রাতের মতো হামলা সম্পন্ন করেছে। এই হামলায় যুদ্ধবিমান, ড্রোন এবং যুদ্ধজাহাজ ব্যবহার করেছে তারা।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের নজরদারি কেন্দ্র, সামরিক লজিস্টিক অবকাঠামো, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং সামুদ্রিক সক্ষমতা ধ্বংস করতে এসব হামলা চালানো হয়। ১৭ জুলাই পূর্বাঞ্চলীয় সময় রাত সাড়ে ৯টায় (জিএমটি ১৮ জুলাই রাত ১টা ৩০ মিনিট, বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টা) এই হামলা শেষ হয়।

মার্কিন কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় সেন্টকম ইরানকে জবাবদিহিতার আওতায় আনছে। একই সঙ্গে ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ পুরোপুরি কার্যকর করা হচ্ছে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে ৫০ হাজারেরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যে কোনো পরিস্থিতির জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

হরমোজগানে সতর্কতা
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের স্থানীয় কর্মকর্তারা নাগরিকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ফের হামলার আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বর্তমানে ক্ষয়ক্ষতির পরিস্থিতি মূল্যায়ন করছে। সাধারণ মানুষের যাতায়াতের জন্য বিকল্প পথ তৈরির কাজ চলছে। গত দুই রাতে মার্কিন হামলায় হরমোজগানের বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার ভোরে চালানো সর্বশেষ হামলায় তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

উপসাগরীয় দেশ বাহরাইনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় এই সতর্কবার্তা জারি করা হয়। সাইরেন বাজার পরপরই স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য জরুরি নির্দেশ দিয়েছে। পুরো এলাকায় এখন চরম আতঙ্ক বিরাজ করছে।

কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
পাল্টা আঘাত হিসেবে ইরানের সামরিক বাহিনী কুয়েত এবং জর্ডানে থাকা বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। ইরানি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, সুনির্দিষ্ট কিছু মার্কিন অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

ইরানের হামলার শিকার হওয়া স্থানগুলোর মধ্যে রয়েছে কুয়েতের ক্যাম্প উদাইরি। সেখানকার একটি বড় গোলাবারুদ ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম ঘাঁটির সদর দফতর, গোলাবারুদ ডিপো এবং সংযোগকারী সেতুগুলোতে আঘাত করা হয়েছে।

পাশাপাশি জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি ট্যাংকে সফল ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। ইরানি সামরিক বাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, যারা ইরানের ইচ্ছা ও শক্তি পরীক্ষা করতে আসবে, তাদের সশস্ত্র বাহিনীর লৌহকঠিন সংকল্প ও প্রস্তুতির মুখোমুখি হতে হবে।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধ৭.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো মেক্সিকো
পরবর্তী নিবন্ধঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস