ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত হরমুজ অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সঙ্গে কোনো চুক্তি না হওয়া পর্যন্ত দেশটির ওপর থেকে বন্দর অবরোধ তুলে নেওয়া হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে নতুন করে আলোচনা হবে কি না- তা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই তিনি এই ঘোষণা দিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, এক সপ্তাহ আগে শুরু হওয়া এই অবরোধ ‘ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে’। একই সঙ্গে তিনি দাবি করেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্র ‘অনেকটাই এগিয়ে’ রয়েছে।

তার এই মন্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি বুধবার (২২ এপ্রিল) শেষ হওয়ার কথা। তবে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা আদৌ হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, সম্ভাব্য বৈঠক ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা থাকা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এখনো ওয়াশিংটন ত্যাগ করেননি। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি বৈঠকে অংশ নেবে কি না।

অবরোধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। এছাড়া রোববার (১৯ এপ্রিল) অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করার সময় প্রথমবারের মতো একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।

সেন্টকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জাহাজটিকে আগে সতর্ক করা হয়, এরপর সেনারা তাতে অভিযান চালায়।

এ ঘটনাকে ‘জলদস্যুতা’ ও দুই দেশের ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন বলে অভিহিত করেছে তেহরান।

পূর্ববর্তী নিবন্ধভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান
পরবর্তী নিবন্ধটেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা