আন্তর্জাতিক ডেস্ক
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে একযোগে ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ইমেইল পাঠানো হয়েছে। এ ঘটনায় দেশটির বিভিন্ন এলাকার স্কুল ভবন খালি করা হয়।
একই ধরনের হুমকির ইমেইল পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। বিষয়টি নিয়ে ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, দেশটির স্কুলগুলোতে এই মুহূর্তে বাস্তব কোনো বিপদ বা ঝুঁকি নেই।
তবে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে পরিস্থিতি পর্যালোচনা এবং নিরাপত্তাব্যবস্থা নির্ধারণে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স হুমকিসংবলিত ইমেইলের একটি অনুলিপি পেয়েছে।
এতে প্রধানমন্ত্রী মেলোনিকেও সরাসরি হুমকি দেওয়া হয়েছে। ইমেইলে প্রেরক হিসেবে ‘মিখাইল আন্দ্রোপভ’ নাম ব্যবহার করা হয়েছে। নিজেকে ‘ভিলায়াত অব মিসোজিনিস্তান’-এর নেতা বলেও পরিচয় দিয়েছেন ওই ব্যক্তি।
গত সপ্তাহে আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের কার্যালয়ে পাঠানো বোমা হামলার হুমকির ইমেইলেও একই নাম ব্যবহার করা হয়েছিল।
ইউরোপজুড়ে সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা ও টেলিভিশন সম্প্রচারমাধ্যমকে লক্ষ্য করে সাইবার হামলা এবং হাইব্রিড যুদ্ধের হুমকি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে এই নিরাপত্তা সতর্কতা জারি হলো।
ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা জানান, প্রাথমিকভাবে অন্তত ৩০০টি স্কুল এই হুমকির আওতায় এসেছে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা আরও বাড়তে পারে। তাঁর মতে, এর পেছনে পরিকল্পিত কৌশল রয়েছে। কারা এর সঙ্গে জড়িত, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে গোয়েন্দা সংস্থাগুলো জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কারণ নেই। ইমেইলের বিষয়বস্তু বিশ্লেষণে এটি বাস্তব বোমা হামলার হুমকির চেয়ে সাইবার হামলা বা আতঙ্ক সৃষ্টির পরিকল্পিত প্রচেষ্টা বলেই মনে হচ্ছে।


