ইউরোপের পর এবার বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশেরও ‘না’

স্পোর্টস ডেস্ক

ইউরোপ ও উত্তর আমেরিকার পর এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত বাণিজ্যিক পরিকল্পার বিপক্ষে অবস্থান নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশসহ এশিয়ার ৪৭টি সদস্য দেশের এই সংস্থাটি।

শুক্রবার এক বিবৃতিতে এএফসি জানায়, ফিফার এমন পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বৈশ্বিক ঐকমত্য অর্জন করা বাস্তবসম্মত নয়। একই সঙ্গে তারা মনে করিয়ে দেয়, বিশ্বকাপের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বের সব কনফেডারেশন ও ফুটবল খেলুড়ে দেশগুলোর সম্মিলিত অংশগ্রহণ।

তাই টুর্নামেন্টের ঐক্য ও সার্বজনীন চরিত্রকে প্রশ্নবিদ্ধ করতে পারে এমন যেকোনো উদ্যোগ নতুন করে ভাবা উচিত।
এর আগে একই ধরনের আপত্তি জানিয়েছিল ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাকাফ।

এএফসিও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করায় ইনফান্তিনোর প্রস্তাব বড় ধরনের চাপে পড়েছে।
এএফসির অবস্থান ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফিফার দীর্ঘদিনের জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্ডেইরো পদত্যাগ করেন।

তিনি এই পরিকল্পাকে ‘ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার শামিল’ এবং ‘ভুল চুক্তি’ বলে মন্তব্য করেন।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, বিশ্ব ফুটবলের প্রধান প্রতিযোগিতাগুলো পরিচালনার জন্য একটি আলাদা বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান গঠন করা হবে। সেখানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রাইভেট ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান থ্রাইভ ইটার্নাল-এর মতো বিনিয়োগকারীদের সংখ্যালঘু অংশীদার হওয়ার সুযোগ দেওয়ার কথা রয়েছে। ইনভেস্টমেন্ট ব্যাংক জেপি মরগানের তৈরি প্রস্তাবে সদস্য দেশগুলোর আর্থিক সুবিধা বৃদ্ধির কথা বলা হলেও, ফুটবলের নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন মহাদেশীয় সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধমরক্কো থেকে সীমানা টপকে স্পেনের ঢুকল ৫০ হাজার লোক
পরবর্তী নিবন্ধশেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত