নিজস্ব প্রতিবেদক
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৪ মন্ত্রী ও ক্রিকেটার সাকিব আল হাসানসহ ২৪ জন প্রার্থীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবারের মধ্যে তাদের শোকজের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সাংবাদিকদের হেনস্তা, অস্ত্রধারী ব্যক্তিকে নিয়ে শোডাউন, মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোসহ বিভিন্ন কারণে বৃহস্পতিবার ২১ জন প্রার্থীকে শোকজ করেছে কমিশন।
শোকজ লেটার পাওয়া প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান ৪ মন্ত্রী-প্রতিমন্ত্রী। তারা হলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী নাটোর-৩ আসনের প্রার্থী জুনাইদ আহমেদ পলক।
শোকজ পেয়েছেন সাবেক ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীও। তারা হলেন, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও নরসিংদী-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
যেসব মন্ত্রী-প্রতিমন্ত্রীকে শোকজ করা হয়েছে তারা হলেন- নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গাজীপুর-২ আসনের সংসদ জাহিদ আহসান রাসেল, ঢাকা-১৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ও নাটোর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সংসদ সদস্য ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদকে শোকজ করা হয়েছে।
এদের মধ্যে মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার কারণে। সাকিব আল হাসানকে শোকজ দেওয়া হয়েছে বড় গাড়িবহর নিয়ে মাগুরা শহরে ঢোকা এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে। আর চট্টগ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরীকে কারণ দর্শানো হয় এক সাংবাদিককে হেনস্তা এবং অন্য সাংবাদিকদের ক্যামেরা ভেঙে ফেলার অভিযোগে।
আচরণবিধি ভাঙার কারণে আরও অনেক প্রার্থীকে শোকজ দেওয়া হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।


