সাভারে এবার বোমা সদৃশ প্রেসার কুকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভারে একটি মসজিদের মাঠ থেকে বোমা সদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে এবং বিষয়টি পরীক্ষা করতে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যদের ঘটনাস্থলে আসার কথা রয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে সাভারের ভবানীপুর পুলিশ ক্যাম্পের আওতাধীন সাধাপুর গোপেরবাড়ি এলাকার লালটেক ঘোড়া মসজিদের মাঠে একটি নীল রঙের প্লাস্টিকের ড্রাম দেখতে পান স্থানীয়রা। ড্রামের ভেতর কাপড়চোপড়, একটি কোরআন শরিফ এবং প্রেসার কুকার দেখতে পাওয়া যায়।

পরে স্থানীয়রা ড্রাম থেকে প্রেসার কুকারটি বের করে মসজিদের মাঠে রেখে দেন। স্থানীয়দের দাবি, রাতে অজ্ঞাতনামা তিন ব্যক্তি ওই প্লাস্টিকের ড্রামটি মসজিদের মাঠে রেখে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সকালে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তার আওতায় নেয়।

সাভার মডেল থানার এসআই ইমরান জানিয়েছেন, প্রেসার কুকারটির ভেতরে বিস্ফোরক বা অন্য কোনো বিপজ্জনক বস্তু রয়েছে কি না, তা পরীক্ষা করা হবে। এজন্য বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের ঘটনাস্থলে ডাকা হয়েছে। প্রেসার কুকারটি আসলেই বোমা কি না কিংবা এর ভেতরে কী ধরনের বস্তু রয়েছে, তা বোমা ডিসপোজাল ইউনিট পরীক্ষা করার পরই নিশ্চিত হওয়া যাবে। কারা ওই ড্রামটি সেখানে রেখে গেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। তারও আগে হেমায়েতপুর এলাকা থেকে একটি ব্যাগসহ আরিফকে আটক করা হয়। ব্যাগটি তল্লাশি করে বিশেষভাবে লুকানো ছয়টি পাইপ বোমা ও বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি কর্মী আলমগীরকে গুলি: ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধকলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪