নিজস্ব প্রতিবেদক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কথিত রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্যের ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
ডিসি মো. আকতার হোসেন বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনে থাকা মূল ষড়যন্ত্র উন্মোচনের জন্য আসামিকে পুলিশ হেফাজতে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে আলোচনায় আসেন তৎকালীন ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান। ওই অডিওর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল।
পরে তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।


