রাজধানী লক্ষ্য করে সৌদি-হুথিদের পাল্টাপাল্টি হামলা

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটি। এর আগে হুথি গণমাধ্যম ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার খবর প্রকাশ করে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট গত গ্রীষ্মে দেশটির গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে।

জবাবে ইরান-সমর্থিত হুথি যোদ্ধারা প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলায় দেশটির জ্বালানি স্থাপনা, বিমানবন্দর ও রাজধানী রিয়াদের আর্থিক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘হুথি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চলের দিকে আসছিল। সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে।’

এদিকে হুথিদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের রাজধানী সানায় সৌদি হামলার খবর প্রকাশ করেছে তাদের সংবাদ সংস্থা সাবা।

সাবা টেলিগ্রামে জানিয়েছে, সৌদি বাহিনী সানার আল-তাহরির জেলার বির আবু শামলাহ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। এতে আটটি বাড়ি ও তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুথি সংবাদমাধ্যম আল-মাসিরাহর দাবি, ওই হামলায় ১৩ জন আহত হয়েছেন।

শনিবার পরে সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানায়, দক্ষিণ সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে তাদের বাহিনী।

সূত্র: আল-জাজিরা

পূর্ববর্তী নিবন্ধখেলাপি ঋণ আদায়ে সোনালী ব্যাংকের বিশেষ উদ্যোগ, দায়িত্ব পেলেন ১২ হাজার ৯৬ জন রিলেশনশিপ অফিসার
পরবর্তী নিবন্ধকারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী