উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। অন্তর্বর্তী শান্তিচুক্তি পুনরুজ্জীবিত করা এবং সেটি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে জাহাজে হামলার ঘটনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের নেতাদের বিরুদ্ধে নতুন করে কঠোর মন্তব্যের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। এতে সংকট সমাধানের সম্ভাবনাও আরও ক্ষীণ হয়েছে।
গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি হয়েছিল। ওই চুক্তিতে সব পক্ষের সামরিক অভিযান ‘তাৎক্ষণিক ও স্থায়ীভাবে বন্ধের’ কথা বলা হয়। তবে চুক্তিটি দ্রুত ভেঙে পড়ে। ৭ জুলাই ট্রাম্প চুক্তিটি ‘শেষ হয়ে গেছে’ বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহ পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিটি ‘স্থগিত’ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি ইরান পূরণ করেনি। অন্যদিকে, তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রও নিজেদের প্রতিশ্রুতি রাখেনি। এর মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ প্রত্যাহার এবং আটকে থাকা ইরানি সম্পদ ছেড়ে দেওয়ার বিষয়ও রয়েছে।


