মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

দেলোয়ার হোসেন: মুকসুদপুর, (গোপালগঞ্জ)প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) উপজেলার ভাবড়াশুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে প্রথম স্ত্রী থাকা অবস্থায় ভাবড়াশুর গ্রামের ছরোয়ার সিকদারের ছেলে তারিক সিকদারের সঙ্গে ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপাইলদিয়া গ্রামের সিদাম মাঝির মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে ওই নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তাঁর নাম রাখা হয় মিম আক্তার। এরপর তারিক সিকদার তাঁকে বিয়ে করেন। স্থানীয়দের দাবি, বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক ও দাম্পত্য কলহ চলছিল।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে মিম আক্তার নিহত হন। তাঁর মৃত্যুর ঘটনায় স্বামী তারিক সিকদারের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

খবর পেয়ে মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাফিছুর রহমানের তত্ত্বাবধানে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুন, ওসি (তদন্ত) মো. মতিয়ার মোল্লা, এসআই রাসেলসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মুকসুদপুর থানায় নিয়ে যায়।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুতুলের ওই পদে দায়িত্ব পালনের মতো যোগ্যতা ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী